রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমনের করা মামলার তদন্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে পাঠানো স্বর্ণালংকার এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর মামলা করা হয়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
কীভাবে ঘটল ছিনতাই
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সুমনের বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।ওই দিন রাত ৮টার দিকে সুমন তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন। পরে তারা ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে যান।এজাহারে অভিযোগ করা হয়, মাইক্রোবাস থেকে নামার পর কয়েকজন ব্যক্তি তাদের ঘিরে ধরেন। এ সময় তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখানো হয়। একপর্যায়ে তাদের মারধর করে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।লোকজন জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় চারজন আসামি
ঘটনার পর গত ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা করেন সুমন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাই হওয়া স্বর্ণের অংশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজনৈতিক পরিচয় যাচাই করছে পুলিশ
ডিএমপির উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যে দলের সঙ্গেই তাদের সম্পৃক্ততা থাকুক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এ ঘটনায় গ্রেপ্তার দুই নেতাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।